ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত
২৯/০৮/২০২৬ তারিখ, শনিবার সকাল ১১টা৪০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সদর উপজেলা পরিষদের কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম আসজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।
সভায় ফরিদপুরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে চরাঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডাল, রসুন, পেঁয়াজ ও পাটবীজ উৎপাদন এবং দেশি মাছের চাষ সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। চরাঞ্চলে শাকসবজির উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাগল পালন ও ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, বাংলাদেশকে কৃষিপণ্যে স্বাবলম্বী করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি মহোদয় বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলা হল রুমে কৃষকদের সঙ্গে মতবিনিময় ও এয়ার ফ্লো মেশিনের চেক বিতরণ করেন এবং সফল উদ্যোক্তা সাহিদা বেগমের পেঁয়াজ বীজ খামার পরিদর্শন করেন।