সিরাজগঞ্জে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহারে ভিজিলেন্স কমিটির সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, বালাইনাশক ভিজিলেন্স কমিটির প্রধান উদ্দেশ্য হলো বাজারে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ করা, ভেজাল ও নকল রোধ করা এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। আমাদের দেশে প্রায় ১ হাজার ৫শত এর মতো কীটনাশক কোম্পানি রয়েছে। বাজারে অনেক সময় অনুমোদনহীন, নকল, ভেজাল, ক্ষতিকর বালাইনাশক পাওয়া যায়। আমরা এগুলো নিয়মিত পরিদর্শন করে ধ্বংশ করছি আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। এসকল বালাইনাশকের মান যাচাই করা এবং ক্ষতিকর বা নকল কীটনাশকের ব্যবসা রোধ করা এ কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব।
তিনি আরো বলেন, ভেজাল বালাইনাশক ও কোম্পানি কৃষি সংশ্লিষ্ট সকলের জন্য ক্ষতির কারণ। কৃষকরা যেন কোনোভাবেই নিম্নমানের ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে জেলা ভিজিলেন্স টিম জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এজন্য ডিলার ও কোম্পানি প্রতিনিধিদের ব্যবসায়িক সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কৃষকদের মধ্যে বালাইনাশকের নিরাপদ ও বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানো ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে মাটি, পানি, জীববৈচিত্র্য রক্ষা করে টেকসই কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে।
সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ জেরিন আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দরা বালাইনাশক আইন ২০১৮-এর প্রয়োগ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ ও তদারকি এবং বাজারে আসা নতুন বালাইনাশক ওষুধের কার্যকর ও নিরাপদ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ এর জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কীটনাশক ডিলার প্রতিনিধি, জেলায় কর্মরত দেশের স্বনামধন্য বালাইনাশক প্রস্তুত ও বিপণনকারী ৬০টিরও বেশি কোম্পানির প্রতিনিধিগণ সভায় অংশ নেন।